চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবকে প্রীতিলতা জাদুঘরে রূপান্তরের দাবি জানিয়েছে তিনটি সংগঠন। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে নগরের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সমাবেশে বক্তারা এই দাবি জানান।সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। এতে আলোচনা করেন মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দা পারভীন আক্তার, জেলা শাখার সহসভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সীমা দত্ত।রেলওয়ে বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়টি ব্রিটিশ আমলে ইউরোপিয়ান ক্লাব নামে পরিচিত ছিল। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে ধরা পড়ার মুহূর্তে আত্মাহুতি দেন প্রীতিলতা।বক্তারা ব্রিটিশবিরোধী আন্দোলনের স্থানগুলো সংরক্ষণ এবং পাঠ্যবইয়ে অগ্নিযুগের বিপ্লবীদের নাম অন্তর্ভুক্তের দাবি জানান। সভা পরিচালনা করেন ছাত্রফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক আল কাদেরী।