ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ
দেশের চলমান সহিংসতা ও অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বুধবার বাংলাদেশে ইইউ মিশনের আবাসিক প্রধানেরা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করে তাঁদের উদ্বেগের কথা জানান।
আজ বিকেলে গণমাধ্যমে ইইউর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আবাসিক প্রধানেরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা এবং রংপুরে যাত্রীবাহী বাসে হামলার ঘটনার কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা গণতন্ত্রের স্থান ক্রমাগত সংকুচিত হয়ে পড়ায়ও উদ্বেগ জানান। তাঁরা বলেন, শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গিয়ে সভা-সমাবেশ এবং মানুষের কথা বলার অধিকার খর্ব করা যাবে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতা থেকে বিরত থাকা এবং সবার সঙ্গে কার্যকর সংলাপ গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও ইউরোপীয় ইউনিয়ন মনে করে।