ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলমান রাজনীতি, মানবাধিকার ও মতপ্রকাশের পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল আজ বুধবার ঢাকায় আসছে। তিন দিনের সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও বিরোধী দলের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে, চার সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক-বিষয়ক প্রতিনিধিদল বা ডিএসএএসের চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট।
এর আগে ৫ জানুয়ারি-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি দেখতে জিন ল্যাম্বার্টের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ২০১৪ সালের মার্চে ঢাকা সফর করেছিল। গত ২৬ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর এ সফর হচ্ছে। ওই প্রস্তাবে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানানো হয়।
ব্রাসেলসের একটি কূটনৈতিক সূত্র সম্প্রতি প্রথম আলোকে বলেন, গত ১৪ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টের ডিএসএএসের নিয়মিত বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ এলে পার্লামেন্টের ২৬ নভেম্বরের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠকে জিন ল্যাম্বার্ট ব্লগার হত্যাকাণ্ডের পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানান। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক সম্পর্ক বিভাগের এক কর্মকর্তা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান।
যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যরা আসছেন: যুক্তরাজ্যের লেবার পার্টির পার্লামেন্ট সদস্যদের নিয়ে গড়া লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধিদল ১৩ ফেব্রুয়ারি পাঁচ দিনের সফরে ঢাকা আসছে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী কার স্টারমের। সফরকালে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী এবং ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।