ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল কাল আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পের পরিবেশের কতটা অগ্রগতি হয়েছে, তা খতিয়ে দেখতে কাল সোমবার ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) সংসদীয় প্রতিনিধিদল। ইপির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দক্ষিণ এশিয়া সম্পর্কবিষয়ক প্রতিনিধিদলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট।
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রানা প্লাজা ধসের এক বছর পূর্তির প্রাক্কালে ইপি প্রতিনিধিদলটি দুই দিনের সফরে ঢাকায় আসছে। শ্রমিকদের নিরাপত্তায় ইইউ-বাংলাদেশ উদ্যোগ সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের আওতায় কারখানার কর্মপরিবেশের উন্নয়ন ও
শ্রমিক স্বার্থ সুরক্ষায় কতটা অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে প্রতিনিধিদল সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবে।
ইপি প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করবে।