ইউরোপীয় সামাজিক ব্যবসা ফোরাম উদ্বোধন করলেন ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি নেদারল্যান্ডসে ইউরোপীয় সামাজিক ব্যবসা ফোরাম উদ্বোধন করেছেন। এই ফোরাম ইউরোপে সামাজিক ব্যবসা কমিউনিটির বার্ষিক সম্মিলনী। ইউরোপ ও ইউরোপের বাইরের ২৭ টিরও বেশি দেশ থেকে ২৫০ জন অংশগ্রহণকারী এই ফোরামে যোগ দেন। 

ফোরামে সামাজিক ব্যবসা বিশেষজ্ঞ, উদ্যোক্তা, শিক্ষাবিদ, নীতি প্রণেতা ও বিনিয়োগকারীগণকে ইউরোপীয় সামাজিক ব্যবসা ইকোসিস্টেম ও এর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় করা হয়। অংশগ্রহণকারীরা ফোরামের বিভিন্নমুখী কর্মসূচিতে নিজ নিজ অভিজ্ঞতা ও ধারণা বিনিময় এবং ইউরোপে সামাজিক ব্যবসা আন্দোলনকে প্রসারিত করতে আলোচনা করেন।
ফোরামের উদ্দেশ্য হলো সামাজিক ব্যবসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এ বিষয়ে আলোচনা ও সহযোগিতার প্রসার এবং ভবিষ্যতের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার রূপদানে বিভিন্ন কোম্পানি, সরকার, উদ্যোক্তা, সিভিল সোসাইটি ও শিক্ষাবিদদের মধ্যে সর্বোৎকৃষ্ট চর্চাসমূহের উপস্থাপন ও প্রণয়ন করা। বিজ্ঞান ও প্রযুক্তির সুদূরপ্রসারী অগ্রগতিকে সমাজের উন্নয়নে কীভাবে ব্যবহার করা যায় তা খুঁজে বের করাও এর অন্যতম লক্ষ্য।
নেদারল্যান্ডসের ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই ফোরামের আয়োজক ছিলেন গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের প্রধান নির্বাহী হ্যান্স রিটজ। ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘সামাজিক উদ্যোক্তা উৎসব’ এর কাঠামোর মধ্যে এই ফোরাম সম্পন্ন হয়।
অধ্যাপক ইউনূস ইউরোপীয় সামাজিক ব্যবসা ফোরামের অংশ হিসেবে লুই হার্টলুপার কমপ্লেক্সে আয়োজিত সামাজিক ব্যবসায় আগ্রহী দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে একটি গণ বক্তৃতাও দেন।
ড. ইউনূসের সফরের সময়ে ইউট্রেক্ট-এর মেয়র জে এইচ সি ভ্যান জানেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। মেয়র সামাজিক ব্যবসার ধারণার প্রশংসা করেন এবং ইউট্রেক্টকে সামাজিক ব্যবসা নগরীতে পরিণত করার উদ্যোগ নিতে তাঁর অভিপ্রায়ের কথা জানান। এ ছাড়া তিনি সামাজিক ব্যবসাকে সহায়তা করতে এবং তরুণদের তাদের নিজস্ব ব্যবসা গড়ে তুলতে মূলধন সহায়তা দিতে এই কাঠামোর অধীনে সামাজিক ব্যবসা তহবিল তৈরিতেও তাঁর আগ্রহ প্রকাশ করেন।
ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে যে তারা সামাজিক ব্যবসা অধ্যয়ন ও চর্চার প্রসারের জন্য এই বিশ্ববিদ্যালয়ে একটি ‘সামাজিক ব্যবসা কেন্দ্র’ প্রতিষ্ঠা করবে। বিজ্ঞপ্তি।