ইউরোপীয় সামাজিক ব্যবসা ফোরামের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের ইউট্রেক্টে ইউরোপীয় সামাজিক ব্যবসা ফোরাম উদ্বোধন করছেন। এই ফোরাম ইউরোপে সামাজিক ব্যবসা কমিউনিটির বার্ষিক সম্মিলনী যার উদ্দেশ্য সামাজিক ব্যবসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এ বিষয়ে আলোচনা ও সহযোগিতার প্রসার, ভবিষ্যতের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার রূপদানে বিভিন্ন কোম্পানি, সরকার, উদ্যোক্তা, সিভিল সোসাইটি এবং শিক্ষাবিদদের মধ্যে সর্বোৎকৃষ্ট চর্চাসমূহের উপস্থাপন ও প্রণয়ন। বিজ্ঞান ও প্রযুক্তির সুদূরপ্রসারী অগ্রগতিকে সমাজের উন্নয়নে কীভাবে ব্যবহার করা যায়, তা খুঁজে বের করাও এর অন্যতম লক্ষ্য।
ইউনূস সেন্টারের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, ইউরোপ ও ইউরোপের বাইরের ২৭টিরও বেশি দেশ থেকে ২৫০ জন অংশগ্রহণকারী এই ফোরামে যোগ দেন। সামাজিক ব্যবসা বিশেষজ্ঞ, উদ্যোক্তা, শিক্ষাবিদ, নীতি প্রণেতা ও বিনিয়োগকারীদের ইউরোপীয় সামাজিক ব্যবসা ইকোসিস্টেম ও এর ভবিষ্যৎ নিয়ে এক আকর্ষণীয় আলোচনায় আমন্ত্রণ জানানো হয়। ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতায় এই ফোরামের আয়োজক ছিলেন গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের প্রধান নির্বাহী হ্যান্স রিটজ। ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে যে তারা সামাজিক ব্যবসা অধ্যয়ন ও চর্চার প্রসারের জন্য এই বিশ্ববিদ্যালয়ে একটি ‘সামাজিক ব্যবসা কেন্দ্র’ প্রতিষ্ঠা করবে। বিজ্ঞপ্তি।