ইউরোপে বাজার-সুবিধা সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের বাজারে পণ্য রপ্তানির অগ্রাধিকার বাজার-সুবিধা (জিএসপি) সুরক্ষার স্বার্থে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার পরিবেশের স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সুুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন।

গতকাল মঙ্গলবার ব্রাসেলস থেকে প্রচারিত দুই পক্ষের এক যৌথ বিবৃতিতে এ অঙ্গীকার করা হয়েছে। বিবৃতিতে সামাজিকভাবে দায়বদ্ধ সরবরাহব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়ায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রয়াসে সহায়তার জন্য এই অঞ্চলের ক্রেতাপ্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে। ব্রাসেলস সফররত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে ইইউর বাণিজ্য কমিশনার ক্যারল ডি গুশের বৈঠকের পর ওই বিবৃতি প্রচার করা হয়। প্রসঙ্গত রানা প্লাজা ধসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে গতকাল ব্রাসেলসে পৌঁছান। সাভারের বিয়োগান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পোশাকশিল্পের শ্রমমান উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করার পাশাপাশি ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি অব্যাহত রাখার বিষয়ে  ইইউর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি এ সফরে গেছেন। ব্রাসেলসের বৈঠকটি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি উন্নয়নে সমন্বিত প্রয়াসের বহিঃপ্রকাশ। বিবৃতিতে আরও বলা হয়, ‘ইইউর অগ্রাধিকারমূলক বাণিজ্য কর্মসূচি “অস্ত্র ছাড়া সবকিছু” (এভরিথিং বাট আর্মস) কর্মসূচি এই অঞ্চলকে বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান রপ্তানি গন্তব্যে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এ সুবিধার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আয়ের স্তর বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে ইইউ ভূমিকা রেখেছে। তাই আমরা অঙ্গীকার করছি, “এভরিথিং বাট আর্মস” কর্মসূচি সুরক্ষার স্বার্থে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার পরিবেশের স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সুুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াসে ৪ মে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে ত্রিপক্ষীয় অংশীদারি (সরকার, মালিক ও শ্রমিক) ঘোষণা একটি গুরুত্বপূর্ণ সূচনাপর্ব। এ ক্ষেত্রে আমরা আইএলওর “উন্নত কর্মসংস্থান কর্মসূচি”র দ্রুত ঘোষণা শোনার অপেক্ষায় আছি। পাশাপাশি বাংলাদেশের মন্ত্রিসভায় অনুমোদিত শ্রম আইন সংশোধন প্রস্তাব সংসদে পাসের অপেক্ষায় রয়েছি।’