এশিয়া ইউরোপ মিটিংয়ের (আসেম) দশম শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে ইতালি যাচ্ছেন। ইতালির মিলানে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে তিনি ইউরোপের কয়েকটি দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। ৫ জানুয়ারির নির্বাচনের পর ইউরোপীয় ইউনিয়নসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে এই প্রথম প্রধানমন্ত্রীর বৈঠক হতে যাচ্ছে। অবশ্য ভারতের পক্ষ থেকে আসেম শীর্ষ সম্মেলনে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বি কে সিং।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হারমান ভ্যান রুম্পির সভাপতিত্বে অনুষ্ঠেয় এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘প্রবৃদ্ধি ও নিরাপত্তার জন্য দায়িত্বশীল অংশীদারিত্ব’। আগামীকাল শুক্রবার সম্মেলনের কর্ম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, ২০১৫-পরবর্তী উন্নয়ন কৌশল, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা, এশিয়া ইউরোপ যোগাযোগ বৃদ্ধি—এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে এশিয়া ও ইউরোপের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে বক্তৃতা দেবেন।
এদিকে ১৭ অক্টোবর শীর্ষ নেতাদের জন্য নির্ধারিত রিট্রিট অধিবেশনে আসেমের ভবিষ্যৎ দিকনির্দেশনা, সন্ত্রাসবাদ, সহিংসতা ইত্যাদিসহ নিরাপত্তা চ্যালেঞ্জ এবং এশিয়া ও ইউরোপ সহযোগিতার ক্ষেত্র ইত্যাদি বিষয়ে নেতারা আলোচনা করবেন।
গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ৫০ সদস্যের সরকারি প্রতিনিধিদল আসেম শীর্ষ সম্মেলনে অংশ নেবে। সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী মাতেরো রেনজি, গ্রিসের প্রধানমন্ত্রী আন্তোনিওস সি সামারাস, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হারমান ভ্যান রুম্পি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসোর সঙ্গে দেখা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার এবং বাংলাদেশের উন্নয়নের একটি বড় অংশীদার। আসেমের মাধ্যমেই এশিয়ার সদস্য দেশগুলো একসঙ্গে ইউরোপের দেশগুলোর কাছে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে। আসেম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশসহ সব সদস্য দেশের নিজ নিজ দৃষ্টিভঙ্গি অনানুষ্ঠানিকভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। আসেম শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ একদিকে যেমন বিভিন্ন দেশের মধ্যকার মতপার্থক্য অনুধাবনে সহায়ক, অন্যদিকে এ সম্মেলন বাংলাদেশকে একটি দায়িত্বশীল ও আন্তর্জাতিক মণ্ডলে সদা তৎপর রাষ্ট্র হিসেবে অন্যান্য দেশের কাছে পরিচিত করে তুলবে।
ভিসা না পাওয়ায়: মিলানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীসহ বেসরকারি পাসপোর্টধারীদের বেশ কয়েকজন ইতালির ভিসা পাননি। এ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। এই প্রথম বিষয়টি শুনলাম। সাধারণত যাঁরা ভিসা পান না তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন।’
এ নিয়ে আবার প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমার মনে হয় না সরকারি সফরসঙ্গী হিসেবে যাঁরা রয়েছেন তাঁদের ক্ষেত্রে এটা হয়েছে।’
পরে খোঁজ নিয়ে জানা গেছে, এ সফরের জন্য নির্ধারিত প্রধানমন্ত্রীর গণমাধ্যম বহরের পাঁচজন, চারজন বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিনিধিদলের তিনজন ভিসা পাননি। ফলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এই ১২ জনের ইতালি যাওয়া হচ্ছে না।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর সরকারি সফরসঙ্গীদের অধিকাংশ ভিসার আবেদন ২ অক্টোবর ইতালি দূতাবাসে জমা দেওয়া হয়। সরকারি সফরসঙ্গী নয়জনের ভিসার আবেদনসহ পাসপোর্ট ৮ অক্টোবর ইতালি দূতাবাসে জমা দিতে গেলে দূতাবাস তা ফিরিয়ে দেয়। কারণ ইতালির ভিসা দিতে হলে ১০ কর্মদিবস প্রয়োজন।
‘সবার সব সময় যাওয়া হয় না’: দেশ ও জোট মিলিয়ে এশিয়া এবং ইউরোপের ৫১ সদস্যকে নিয়ে গঠিত আসেম। বাংলাদেশ এ জোটের সদস্য হয়েছে ২০১২ সালে। এবারের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়া আর কয়টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন—এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘এখন পর্যন্ত জেনেছি প্রায় কুড়িটির মতো দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা সেখানে যাচ্ছেন। সবারই তো সব সময় যাওয়ার সুযোগ হয় না বা সম্ভব হয় না।’
বর্ধমানের তথ্য এখনো আসেনি: সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে। এ ব্যাপারে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ঢাকায় ভারতের হাইকমিশনার জানিয়েছে, এ ব্যাপারে খুব শিগগিরই বাংলাদেশকে উত্তর দেওয়া হবে। এখনো ভারতের পক্ষ থেকে উত্তর আসেনি।