ইউলুপ নির্মাণ শুরু হবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট কমাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিকল্পিত ২২টি ‘ইউ’ আকৃতির গাড়ি পারাপারের সেতু বা ইউলুপ নির্মাণ প্রকল্প অনুমোদিতই হয়নি। অথচ, এ বছরের জুন মাসে এগুলো চালুর কথা জানিয়েছিল ডিএনসিসি। এখন কবে এগুলোর নির্মাণ শুরু হবে, তা কেউ পরিষ্কার করে বলতে পারছেন না।

তবে ডিএনসিসি সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত ২২টি ইউলুপ নির্মাণের জন্য ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছিল ডিএনসিসি। কিন্তু ডিএনসিসির সীমানা আবদুল্লাহপুরে শেষ এবং আবদুল্লাহপুর থেকে গাজীপুর সিটি করপোরেশনের সীমানা শুরু। ২২টি ইউলুপের ১২টি ডিএনসিসি এলাকায় এবং ১০টি গাজীপুর সিটি করপোরেশন এলাকায় পড়ে। এ কারণে মন্ত্রণালয়ের নির্দেশনামতো দুই সিটি করপোরেশন আলাদা দুটি প্রস্তাবনা জমা দেয়।

ডিএনসিসির ইউলুপ নির্মাণ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইউলুপ নির্মাণে যে জমির প্রয়োজন, সেগুলোর অধিকাংশই সরকারি বিভিন্ন সংস্থার। সেসব সংস্থার কাছ থেকে জমি ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

ইউলুপ নির্মাণের জায়গা নির্ধারণ করতে ডিএনসিসির মেয়র আনিসুল হক গত ১৯ সেপ্টেম্বর উত্তরার জসীমউদ্‌দীন মোড় থেকে টঙ্গী পর্যন্ত পরিদর্শন করেন। সেদিন মেয়র জানান, যানজট নিরসনে প্রাথমিকভাবে বনানী-কাকলী, এয়ারপোর্ট, উত্তরার জসীমউদ্‌দীন ও আবদুল্লাহপুরের ট্রাফিক মোড়ে চারটি ইউলুপ নির্মাণ করার প্রকল্প নিয়েছে ডিএনসিসি।

পরে গত ২৮ নভেম্বর ইউলুপ নির্মাণবিষয়ক সভায় ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক ট্রাফিক সিগন্যালমুক্ত করতে ২২টি ‘ইউ’ আকৃতির গাড়ি পারাপারের সেতু বা ইউলুপ নির্মাণ করা হবে। ছোট-বড় মিলিয়ে মোট ৬৯টি ক্রসিং বন্ধ করে এসব ইউলুপ নির্মাণ করা হবে।

ডিএনসিসির কর্মকর্তাদের আশা, ইউলুপগুলো হলে রাজধানীর যানজট প্রায় ২৫-৩০ শতাংশ কমে যাবে। দুই ধরনের ইউলুপ নকশা করা হয়েছে। একটিতে ছোট-বড় দুই ধরনের যানবাহনই চলবে। অন্যটিতে শুধু ছোট গাড়ি চলবে। একটি ইউলুপ থেকে আরেকটি ইউলুপের সর্বনিম্ন দূরত্ব হবে ৮০০ মিটার আর সর্বোচ্চ ৩ দশমিক ২ কিলোমিটার। এসব ইউলুপ দিয়ে গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে। ফলে তখন বিভিন্ন মোড়ে কোনো ট্রাফিক পুলিশেরও প্রয়োজন হবে না।

ডিএনসিসি সূত্রে জানা যায়, ইউলুপগুলো নির্মাণ করতে ৩৭ দশমিক শূন্য ৯ বিঘা জমির প্রয়োজন হবে। এর মধ্যে সড়ক ও জনপথের ৩১ দশমিক ২৫ বিঘা, রেলওয়ের ১ দশমিক ৬১ বিঘা ও সিভিল অ্যাভিয়েশনের ১ দশমিক ৮৩ বিঘা। এসব জমি ব্যবহারের অনুমতি চেয়ে সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এসব জমি খালি আছে, কোনো অধিগ্রহণের প্রয়োজন হবে না।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউলুপ প্রকল্পের ডিপিপি গ্রহণ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত মাসের ২৫ তারিখে কিছু শর্ত সাপেক্ষে ডিপিপির প্রাথমিক সম্মতি দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। শর্তপূরণের জন্য ১২ মে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনায় বসেছিলেন ডিএনসিসির কর্মকর্তারা।

প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহবুব আলম প্রথম আলোকে বলেন, প্রকল্পটি বাস্তবায়নের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। তাদের ছাড়পত্র ও মতামত পাওয়ার পর ডিপিপি অনুমোদিত হওয়ার ছয় মাসের মধ্যে প্রকল্প প্রস্তাব অনুযায়ী এটি বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে কবে কাজ শুরু হবে, তা বলতে পারেননি তিনি।