ইউসিইপির রংপুর কার্যালয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের ধর্মদাস এলাকায় গত শনিবার রাতে বৈদেশিক আর্থিক সহযোগিতায় পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ইউসিইপির (আন্ডার প্রিভিলেজড চিলড্রেন এডুকেশন প্রোগ্রামস) কার্যালয়ে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এ কার্যালয় থেকে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করেছে।
ইউসিইপি কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ২০-২৫ জনের একদল ডাকাত ওই কার্যালয়ের তিনজন নৈশপ্রহরীকে বেঁধে ফেলে। পরে তারা বেশ কয়েকটি কক্ষের দরজার তালা ভেঙে ডাকাতেরা ২০টি কম্পিউটার, তিনটি প্রিন্টার, একটি ফটোস্ট্যাট মেশিন, দুটি ক্যামেরা ও একটি মোটরসাইকেলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
কর্তব্যরত নৈশপ্রহরী মোকসেদ আলী বলেন, ‘রাত দেড়টার সময় ২০-২৫ জন মুখোশধারী ডাকাত একযোগে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা আমাদের তিনজনকে বেঁধে রেখে বেশ কয়েকটি কক্ষের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউসিইপি রংপুর বিভাগীয় কার্যালয়ের আঞ্চলিক সমন্বয়কারী এস এম শামীম আহসান জানান, রাতে তিনজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন। তাঁদের হাত-পা বেঁধে রেখে ডাকাতেরা এসব মালামাল লুট করে নিয়ে যায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।