প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) নারায়ণগঞ্জের টানবাজার শাখার সাবেক ব্যবস্থাপকসহ চারজনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. লুৎফর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাগুলো করেন।মামলার আসামিরা হলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টানবাজার শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) আবু তাহের, ফতুল্লার বিসিক শিল্পনগরে অবস্থিত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেসার্স ফাইবার গার্ডেনের (বর্তমানে বন্ধ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবুর রহমান, মজিবুর রহমানের স্ত্রী প্রতিষ্ঠানটির পরিচালক শামীমা ইয়াসমিন এবং পরিচালকসেলিম হোসেন। প্রতিটি মামলাতেই ওই চারজনকে আসামি করা হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে টানবাজার শাখা থেকে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।