ইউসিবির এমডি, চট্টগ্রাম বন্দর ও ১৮ সরকারি কর্মকর্তাকে দায়মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ১৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন এসব অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে।

দুদক সচিব মো. মাকসুদুল হাসান খান স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে অব্যাহতির বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিধিবহির্ভূতভাবে ঋণ প্রদানসহ বিভিন্ন প্রকারের দুর্নীতির অভিযোগে ইউসিবিএলের এমডি মুহাম্মদ আলীর বিরুদ্ধে চলতি বছরের জুন মাসে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান করেন দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. আবুবকর সিদ্দিক।
দুদক সূত্র জানায়, ২০১২ সালের ১ নভেম্বর ইউসিবিএলের এমডি হিসেবে যোগ দেওয়া মুহাম্মদ আলীর বিরুদ্ধে প্রতিটি ঋণে ১ থেকে ২ শতাংশ কমিশন নেওয়া, যাচাই-বাছাই ছাড়া স্বীকৃত বিল কেনা, যথাসময়ে পেমেন্ট অ্যাগেইনস্ট ডকুমেন্টের (পিএডি) হিসাব সমন্বয় না হওয়া, মেয়াদোত্তীর্ণ ঋণ শ্রেণিকরণ না করে বারবার এলটিআরের (লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিট) সময়সীমা বাড়ানো, রপ্তানি মূল্য প্রত্যাবাসিত না হওয়া, উৎপাদন ক্ষমতা সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ব্যাক-টু-ব্যাক ঋণপত্র স্থাপন, রপ্তানিকারকের নিবন্ধন না থাকা সত্ত্বেও একাধিক প্রতিষ্ঠানকে সার্টিফাই করা এবং বিধি ভঙ্গ করে দুই দফায় কম সুদে ৪ কোটি ৫০ লাখ টাকা ঋণ নেওয়ার মতো বিভিন্ন অভিযোগ ছিল।
দুদকের অনুসন্ধানে এসব অভিযোগের দালিলিক প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়। অনুসন্ধান কর্মকর্তা অভিযোগ মুহাম্মদ আলীকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করলে কমিশন সেটির অনুমোদন দেয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অটোক্লেভ মেশিন কেনায় দুর্নীতির অভিযোগটি অনুসন্ধান করেন উপপরিচালক মির্জা জাহিদুল আলম। তাঁর অনুসন্ধানে অভিযোগের সত্যতা না পওয়ায় কমিশন অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক প্রশাসন (বর্তমানে অবসরপ্রাপ্ত) এ কে এম মাহবুবুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেন দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. আবুবকর সিদ্দিক। অনুসন্ধানে এ সম্পর্কিত প্রমাণ না পাওয়ায় নথিভূক্তির মাধ্যমে অভিযোগটির নিষ্পত্তির সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা। তারই পরিপ্রেক্ষিতে কমিশন এ কে এম মাহবুবুর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে অবসরপ্রাপ্ত) মো. আব্দুল মুকতাদিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয় ২০০৮ সালে। একাধিকবার অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তনের পর উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাতকে দায়িত্ব দেওয়া হয়। তাঁর সুপারিশের প্রেক্ষিতে আব্দুল মুকতাদিরকে অব্যাহতি দিল কমিশন।
ফরিদপুর সুগার মিলের অর্থ আত্মসাতসহ নানাবিধ দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির এমডিসহ ছয়জনের বিরুদ্ধে ২০১৪ সালে অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফজলুল বারী অভিযোগটি অনুসন্ধান করেন। অনুসন্ধান শেষে এমডি আমজাদ হোসেন, দুই মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আহমেদ চৌধুরী ও আকমল হোসেন, ব্যবস্থাপক মাহবুব হোসেন, সহকারী ব্যবস্থাপক আরিফ হোসেন এবং বাণিজ্যিক সহকারী সেলিমুজ্জামানকে অব্যাহতির সুপারিশ করলে কমিশন সেটাও অনুমোদন দেয়।
সরকারি কাজ শেষ হওয়ার পরও দরপত্র আহ্বান এবং নানাবিধ দুর্নীতির অভিযোগ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খুলনার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, সহকারী প্রকৌশলী মাসুদুল আলম, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান এবং দুই ঠিকাদার নাজমুল আরেফিন মিন্টু ও এস জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সাবেক অতিরিক্ত পরিচালক সুকুমার দেওয়ান ও সিলেটের জিন্দাবাজারের কাস্টমস সুপার হাবিবুর রহমান। জালিয়াতির মাধ্যমে ঋণ বিতরণ করে লাভবান হওয়ার অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন জনতা ব্যাংক খুলনার সাবেক ডিজিএম লুৎফুর রহমান।
জাল দলিল সৃজনের অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন বরিশালের জোনাল সেটেলমেন্ট অফিসার ও যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস এবং উপসহকারী সেটেলমেন্ট অফিসার রনজিৎ কুমার খাসকেল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক তাসাদ্দেক হোসেন অব্যাহতি পেয়েছেন টেন্ডার আহ্বানে অনিয়ম, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগ থেকে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক রাশেদুল হাসানকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে দুর্নীতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।