ইউসিবির দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
জালিয়াতি করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক নাসির উদ্দিন।
মামলায় ইউসিবির নয়াবাজার শাখার সাবেক ব্যবস্থাপক আলী হায়দার ও সাবেক কর্মকর্তা মো. ইউনুস এবং এফএস প্যাকেজিংয়ের চেয়ারম্যান ফাহমিদা সুলতানাকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, এফএস প্যাকেজিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাহমিদা সুলতানা ও তাঁর স্বামী নুরুল ইসলাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নয়াবাজার শাখা থেকে ১০ কোটি টাকার ঋণ নেন। এ কাজে তাঁরা নুরুল ইসলামের ভাই-বোনদের নামে থাকা ১৭ কাঠা জমি তাঁদের না জানিয়ে ব্যাংকে জামানত হিসেবে জমা রাখেন।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, জালিয়াতি করে তাঁরা ওই ১৭ কাঠা জমির আমমোক্তারনামাসহ অন্যান্য কাগজপত্র তৈরি করে ব্যাংকে জমা দেন। জাল কাগজপত্রে ঋণ অনুমোদনে তাঁদের সহায়তা করেন ব্যাংকটির দুই কর্মকর্তা। অভিযোগটি অনুসন্ধান করেন দুদকের উপপরিচালক নাসির উদ্দিন। অনুসন্ধান শেষে তিনি মামলার সুপারিশ করলে কমিশন অনুমোদন দেয়।
ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাতে জাল-জালিয়াতির ক্ষেত্রে ফাহমিদার স্বামী নুরুল ইসলাম খান মুখ্য ভূমিকা রাখলেও তিনি মারা যাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অনুসন্ধান সূত্র জানিয়েছে।