রেলের মৃধার ৫ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় রেলের মহাব্যবস্থাপক (বর্তমানে সাময়িক বরখাস্ত) ইউসুফ আলী মৃধাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম আজ বুধবার এ আদেশ দেন। মৃধার বিরুদ্ধে বেশ কটি মামলা থাকলেও এই প্রথম কোনো মামলার রায় হলো।
দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, কারাদণ্ডের পাশাপাশি আসামি মৃধাকে ১৫ লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। মৃধা বর্তমানে কারাগারে আছেন।
২০১২ সালের ১৪ আগস্ট দুদকের উপপরিচালক রেজাউল হাসান তরফদার বাদী হয়ে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। মামলায় মৃধার বিরুদ্ধে ৪০ লাখ ৯ হাজার ৯১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৩৪ হাজার ৯১০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে মৃধার বিরুদ্ধে ওই বছরের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৩ সালের ২৪ নভেম্বর আদালত মৃধার বিরুদ্ধে করা মামলার বিচার শুরু করেন। ওই আদালতের পেশকার আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় আসামি মৃধাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
চট্টগ্রাম বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি মাহমুদুল হক জানান, মৃধার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটির বিচারকাজ চলছে। আটটির তদন্ত চলছে।
২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। ইউসুফ আলী মৃধা পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক থাকার সময় রেলের ১৩টি ক্যাটাগরিতে ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।