ইউসুফ ও তাঁর ভাই সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুড়ঙ্গপথে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনার প্রধান হোতা ইউসুফ মুন্সি ওরফে হাবিব ওরফে সোহেল রানা ও তাঁর ছোট ভাই ইদ্রিস মুন্সির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক আসামি ইউসুফ ও তাঁর ভাইকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালত রিমান্ডের শুনানিতে বলেন, দুর্ধর্ষ এই চুরির ঘটনায় দেশের মানুষের মনে আর্থিক প্রতিষ্ঠানের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ওই ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা জানতে এবং চুরি যাওয়া অবশিষ্ট টাকা উদ্ধারের জন্য আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হামিদুল ইসলাম দুই আসামি ইউসুফ ও তাঁর ভাইকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারী (এমএলএসএস) মো. আবু বকর সিদ্দিককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
ওসি আবদুল মালেক জানান, আদালত রিমান্ড মঞ্জুর করার পর আসামিদের থানাহাজতে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
গত রোববার সোনালী ব্যাংকের কিশোরগঞ্জের প্রধান শাখায় সুড়ঙ্গ করে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট হয়। দুর্ধর্ষ ও আলোচিত এই চুরির ঘটনার মূল হোতা ইউসুফকে গত মঙ্গলবার রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পাঁচ বস্তা টাকাসহ গ্রেপ্তার করা হয়।