ইউসুফ, কায়সারের বিরুদ্ধে মামলা কাল পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফ ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ আদেশ দেন।
ইউসুফের বিরুদ্ধে মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী সিকদার হাবিবুর রহমানকে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। এ ছাড়া ট্রাইব্যুনাল গতকালের মধ্যে আসামিপক্ষকে নতুন আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে আসামিপক্ষ গতকাল জানায়, তারা মিজানুল ইসলামকে ইউসুফের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে, কিন্তু তিনি হরতালের কারণে ঢাকায় আসতে পারছেন না। পরে ট্রাইব্যুনাল মামলা মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন।
এ মামলায় আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে বারবার ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকায় ১২ ডিসেম্বর তাঁর ওকালতনামা বাতিল করা হয়। একই সঙ্গে ইউসুফকে গতকালের মধ্যে নতুন আইনজীবী নিয়োগ দেওয়ার আদেশ দেন।

এদিকে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মামলায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানির জন্য মঙ্গলবার দিন পুনর্নির্ধারণ করেন একই ট্রাইব্যুনাল। এইচ এম এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রী ছিলেন কায়সার।

ট্রাইব্যুনাল ১৪ নভেম্বর কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। আনুষ্ঠানিক অভিযোগে তাঁর বিরুদ্ধে একাত্তরে ১৫৫ জনকে হত্যা, দুই নারীকে ধর্ষণ, নিপীড়ন, দেশান্তরে বাধ্য করা, অপহরণের পর আটকে রেখে নির্যাতন ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।