
রেলে নিয়োগে দুর্নীতির দুটি মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধাকে বাদ দিয়ে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রেলের রেকর্ড কিপার ও গুডস সহকারী গ্রেড-২ পদে নিয়োগে দুর্নীতির মামলায় গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের কর্মকর্তারা। আগামী ২৭ আগস্ট অভিযোগপত্র দুটি গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেন, সাক্ষ্য–প্রমাণে মৃধার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হলো।
২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। এ ঘটনার পর তদন্তে নামে দুদক।
আদালত সূত্রে জানা গেছে, রেলে গুডস সহকারী গ্রেড-২ পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি নগরের কোতোয়ালি থানায় মৃধা ও রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে আসামি করে মামলা করেন দুদক ঢাকা কার্যালয়ের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম। পরে তিনিই মামলার তদন্ত শুরু করেন। তদন্ত শেষে মৃধাকে মামলা থেকে অব্যাহিতর আবেদন করে শুধু কিবরিয়াকে আসামি করে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে ২০ জনকে সাক্ষী রাখা হয়েছে।
তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, মৃধার বিরুদ্ধে সাক্ষ্য–প্রমাণে কিছুই পাওয়া যায়নি। কিবরিয়ার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার খাতা ঘষামাজা করে অনুত্তীর্ণ প্রার্থীদের উত্তীর্ণ দেখানোর প্রমাণ পাওয়া গেছে।
একইভাবে রেলে নিয়োগে রেকর্ডকিপার পদেও মৃধাকে বাদ দেওয়া হয় দুদকের দাখিল করা অভিযোগপত্রে। এ মামলায় কিবরিয়া ও ঘুষ দিয়ে নিয়োগ পাওয়া প্রার্থী সরোয়ার হোসেনকে আসামি করে অভিযোগপত্র দেন দুদক ঢাকা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান। গত বছরের ১৯ ফেব্রুয়ারি নগরের কোতোয়ালি থানায় রেকর্ডকিপার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে মৃধা, কিবরিয়া ও সরোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক।
জানতে চাইলে দুদকের আইনজীবী মাহমুদুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তদন্তে সাক্ষ্য–প্রমাণে মৃধার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। রেলে নিয়োগে গুডস সহকারী গ্রেড-২ এবং রেকর্ডকিপার পদে দুর্নীতির মামলায় তাঁকে বাদ দিয়ে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
মৃধা ও কিবরিয়া বর্তমানে চট্টগ্রাম কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলার বিচার চলছে। দুদকের তদন্তাধীন রয়েছে আরও ছয়টি মামলা। প্রথমবারের মতো মৃধাকে বাদ দিয়ে দুই মামলায় অভিযোগপত্র দিল দুদক।