ইউসুফ রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী সুনীল কুমার ডাকুয়া (৬৭)। তিনি বলেছেন, একাত্তরে ইউসুফ রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন।


বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সুনীলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে সুনীল কুমার ডাকুয়া বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে ইউসুফ শান্তি কমিটির চেয়ারম্যান হন ও রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন।

সুনীল কুমার বলেন, একাত্তরের ৩০ আশ্বিন শুক্রবার তাঁর এলাকায় হাটের দিন ছিল। তিনি বিকেল তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে হাটে গিয়ে দেখেন হাটের পূর্ব দিক থেকে এসে ৪০-৪৫ জন সশস্ত্র রাজাকার হাটের চারদিকে ঘিরে ফেলে। সেখান থেকে বেছে বেছে তিনিসহ ২২ জনকে আটকের পর তাঁদের মঘিয়া মোড়ে নিয়ে যাওয়া হয়। রাজাকাররা প্রথমে তাঁর মামার অণ্ডকোষ কেটে দিয়ে তাঁকে গুলি করে হত্যা করে। এরপরে তাঁর ধুতি খুলে ছয়জনকে বেঁধে গুলি করে হত্যা করা হয়। একপর্যায়ে তাঁকে গুলি করলে গুলি তাঁর পিঠ দিয়ে ঢুকে বুকের বাম পাশ দিয়ে বের হয়ে যায়। তিনি সেখানে পড়ে থাকেন। রাজাকাররা তাঁকে ফেলে চলে যাওয়ার পরে তিনি দেখেন বাকি ২১ জনকে হত্যা করা হয়েছে, তিনি শুধু বেঁচে আছেন। পরে সেখান থেকে দুজন তাঁকে উদ্ধার করে নিয়ে চিকিত্সা করালে তিনি বেঁচে যান। জবানবন্দির এ পর্যায়ে সুনীল তাঁর ওই ক্ষত স্থান ট্রাইব্যুনালে দেখান। সুনীলের জবানবন্দি শেষে তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।