ইউসুফ হিন্দুদের হত্যার নির্দেশ দিয়েছিলেন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী শুধাংশু মণ্ডল (৫৯)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে ইউসুফ হিন্দুদের বাড়িঘরে হামলা ও তাদের হত্যা করতে রাজাকারদের নির্দেশ দেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুধাংশু মণ্ডলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে শুধাংশু মণ্ডল বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের রামপালে। একাত্তরে তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ইউসুফ খুলনা শান্তি কমিটির চেয়ারম্যান হন ও বিভিন্ন এলাকার লোকজনকে নিয়ে রাজাকার বাহিনী গঠন করেন। ইউসুফ রাজাকার বাহিনীকে হিন্দুদের বাড়িঘরে হামলা ও হত্যা করতে নির্দেশ দেন। একাত্তরের ১৯ এপ্রিল তিনি (শুধাংশু মণ্ডল) শোনেন, রামপাল মিলনায়তনে শান্তি কমিটির সভা হবে। তিনি এলাকার লোকজনের সঙ্গে ওই সভায় উপস্থিত হন।
সেখানে শেষ বক্তা হিসেবে ইউসুফ হিন্দুদের খতম করার নির্দেশ দিয়ে বলেন, ‘মালাউন খতম করো, এ দেশ হিন্দুদের নয়, মুসলমানদের। হিন্দুদের মালামাল, মহিলাসহ গনিমতের মাল। সবাই তা ভোগ করতে পারবে, এতে কোনো অপরাধ নেই।’ বক্তব্যের শেষে পর্যায়ে ইউসুফ আরও বলেন, ‘লোটো পোটো খাও, মালাউন খতম করো।’ এই কথা বলার পরে নারায়ে তকবির ধ্বনি দিয়ে ইউসুফের সঙ্গের লোকেরা রামপাল সদরের যাদব মিস্ত্রি, কৃষ্ণধন মিস্ত্রির বাড়িতে হামলা করে মালামাল লুটের পর বাগেরহাটের দিকে চলে যায়।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ২১ এপ্রিল রামপালের ডাকরা কালীবাড়িতে হাজার হাজার হিন্দু ভারতে চলে যাওয়ার জন্য আশ্রয় নেয়। ইউসুফ ওই হিন্দুদের ধ্বংস করতে রাজাকার রজ্জব আলী ও সিরাজ মাস্টারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে রাজাকাররা ৫০০-৬০০ হিন্দুকে হত্যা করে। এ ঘটনা তিনি রাজাকারদের কাছে শুনেছেন।
জবানবন্দিতে শুধাংশু আরও বলেন, একাত্তরের ১৪ অক্টোবর ইউসুফের নির্দেশে চুলকাঠি বাজারে কাঠের সেতুর ওপর সাতজনকে রাজাকারেরা হত্যা করে। জবানবন্দি শেষে শুধাংশু মণ্ডলকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম। আইনজীবী এ মামলার কার্যক্রম দুদিন মুলতবির আবেদন জানালে ট্রাইব্যুনাল বলেন, ‘আইনজীবী আসতে পারবেন না আর বিচারক বসে থাকবেন, তা হয় না। বসে বসে টক শোতে অংশ নিচ্ছেন, সমস্ত কাজ হচ্ছে আর ট্রাইব্যুনালে আসতে পারবেন না?’ ট্রাইব্যুনাল আসামিপক্ষের এ আইনজীবীকে আরও বলেন, ‘নির্ধারিত সময়ে জেরা করতে না পারলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।’
আসামিপক্ষের আইনজীবী না আসায় গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শেখ আবজাল হোসেনের সাক্ষ্য গ্রহণ শেষ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
পরে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।