জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফকে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিয়মিত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার আসামিপক্ষের একটি আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ইউসুফকে নিয়মিত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আরজি জানান আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, কাশিমপুর কারাগারে আটক ইউসুফকে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজিরা দেওয়ার জন্য নিয়মিত সেখান থেকে ট্রাইব্যুনালে হাজির করে কারা কর্তৃপক্ষ। শীতকালে অতিরিক্ত ঠান্ডায় ৮৭ বছর বয়সী ইউসুফ অসুস্থ হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে তাঁকে নিয়মিত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে তাঁর অনুপস্থিতিতে মামলা পরিচালনা করা হোক। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, ইউসুফকে নিয়মিত হাজির করার দরকার নেই। ট্রাইব্যুনাল ডাকলে তবেই তাঁকে হাজির করতে হবে।
পরে এই মামলায় রাষ্ট্রপক্ষের ২০তম ও জব্দ তালিকার সাক্ষী বাংলা একাডেমির সহকারী গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়ার সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ জানুয়ারি (রোববার) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।