ইউসুফসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের আরও তিন মামলা
রেলওয়ের পূর্বাঞ্চলে নিয়োগ-বাণিজ্য নিয়ে গতকাল রোববার নগরের কোতোয়ালি থানায় আরও তিনটি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলাগুলোতে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ ছয়জনকে আসামি করা হয়। অন্য চারজন সুবিধাভোগী চাকরিপ্রার্থী। তাঁরা হলেন: মো. ইসমাইল হোসেন, সোহেল রানা, শাহিদা আক্তার ও মো. সরওয়ার হোসেন। মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে তাঁরা চাকরি পান বলে অভিযোগ আনা হয়।এজাহারে গুডস সহকারী (গ্রেড-২), ট্রেন নাম্বারটেকার ও রেকর্ডকিপার পদের নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ও টেবুলেশনশিটে ঘষামাজা ও নম্বর কমানো-বাড়ানোর অভিযোগ আনা হয়েছে। যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়ে দিয়ে অযোগ্যদের নম্বর ঘষামাজা করে বাড়ানোর অভিযোগ এনে গতকাল মামলা তিনটি করা হয়। মামলা তিনটির বাদী হয়েছেন দুদক ঢাকার উপপরিচালক শেখ ফাইয়াজ আলম, উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন ও সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া বলেন, ‘রেলওয়ের লোক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে তিনটি মামলা করেছে দুদক। তিন মামলায় রেলওয়ের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। বাকি চারজন হলেন সুবিধাভোগী চাকরিপ্রার্থী।’ গত বছরের ৭ জুন টেবুলেশনশিট ঘষামাজা করে লোক নিয়োগসংক্রান্ত প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।