ইউসুফের অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে গঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল আজ সোমবার এই আবেদন খারিজ করে দেন।

ইউসুফের আইনজীবী সাইফুর রহমান ট্রাইব্যুনালে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন জানান। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত এর বিরোধিতা করেন।

মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, ধর্মান্তরকরণ, নিপীড়নসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ১ আগস্ট ইউসুফের বিরুদ্ধে ১৩টি অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল। আগামী ৫ সেপ্টেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য আছে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুসারে, এ কে এম ইউসুফ একাত্তরে বৃহত্তর খুলনার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন এবং খুলনার মহকুমা, থানা ও ইউনিয়ন পর্যায়ে শান্তি কমিটি ও সশস্ত্র রাজাকার বাহিনী গঠন করেন। একাত্তরে ৯৬ জন জামায়াতসদস্য ও স্বাধীনতাবিরোধীকে নিয়ে খুলনার আনসার ও ভিডিপি ক্যাম্পে তিনি প্রথম সশস্ত্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন।

এ কে এম ইউসুফের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে। ছাত্রজীবনে তিনি জমিয়তে তলাবা-ই-আরাবিয়ার সক্রিয় সদস্য ছিলেন। ১৯৫২ সালে তিনি জামায়াতে যোগ দেন এবং ১৯৫৭ সালে খুলনা বিভাগীয় জামায়াতের প্রধান হন। ১৯৬২ সালে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তান জামায়াতের ডেপুটি আমির ছিলেন।