ইউসুফের আইনজীবীকে বহিষ্কার
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বারবার অনুপস্থিত থাকায় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমানকে বহিষ্কার করেছেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীকে জেরার দিনে ওই আইনজীবী অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিলেন।
আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ-সংক্রান্ত আদেশ দেন।
আজ এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী তৈয়ব আলী খাঁ ওরফে ছেতুকে আসামিপক্ষের জেরার ধার্য দিনে আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ট্রাইব্যুনালে উপস্থিত হননি। এ সময় আসামিপক্ষের অপর আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, মিজানুর রহমান ‘অনিবার্য কারণে’ আসেননি, তাই মামলার কার্যক্রম মুলতবির আবেদন জানান তিনি।
ট্রাইব্যুনাল এ সময় আদেশে বলেন, ট্রাইব্যুনাল-২-এ সৈয়দ মিজানুর রহমান আর মামলা পরিচালনা করতে পারবেন না। এখানে তাঁর নিয়োগ বাতিল করা হলো। ইউসুফকে রোববারের মধ্যে নতুন আইনজীবী নিয়োগের জন্য সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে তিনি নিয়োগ না দিলে ট্রাইব্যুনাল রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেবেন।
এ কে এম ইউসুফের মামলা পরিচালনা করছেন সৈয়দ মিজানুর রহমান। কিন্তু গত কয়েক দিন ধরে টানা হরতাল ও অবরোধ থাকার কারণে তিনি ট্রাইব্যুনালে আসেননি। এ সময় রাষ্ট্রপক্ষের ১২ থেকে ১৮তম সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি না আসায় ওই সাক্ষীদের জেরা হয়নি। তাঁর অনুপস্থিতির কারণে ট্রাইব্যুনাল ওই সাক্ষীদের জেরা শেষ করে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী বারবার না আসায় আজ ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘কেবল একজন মানুষের জন্য এভাবে মামলা ঝুলে থাকতে পারে না। এভাবে আসামিপক্ষ মক্কেলের প্রতি অবিচার করছেন।’