ইউসুফের আইনজীবীর ওকালতনামা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমানের ওকালতনামা গতকাল বুধবার বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। টানা কয়েক দিন তিনি অনুপস্থিত থাকায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ-সংক্রান্ত আদেশ দেন।

সাধারণত বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ও জামায়াতের হরতাল বা অবরোধ কর্মসূচি থাকলে জামায়াত নেতাদের আইনজীবীরা ট্রাইব্যুনালে যান না। এ কয়েক দিন ছিল অবরোধ-হরতাল। এসব দিনে রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষীকে জেরার দিন ধার্য ছিল। সৈয়দ মিজানুর অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল এসব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন।

এদিকে আবদুল কাদের মোল্লার আইনজীবীরা ১৮ দলের অবরোধ ও জামায়াতের হরতাল কর্মসূচি থাকলেও গত মঙ্গলবার চেম্বার বিচারপতির বাসভবনে গেছেন এবং গতকাল সুপ্রিম কোর্টে কার্যক্রমে অংশ নিয়েছেন। এর আগে হরতালের দিনে নিরাপত্তার কারণ দেখিয়ে জামায়াতের নেতাদের আইনজীবীরা ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকায় মামলার কার্যক্রম মুলতবি হয়েছিল বেশ কয়েক দিন।

কাদের মোল্লার ফাঁসি কার্যকর হচ্ছে—এমন খবরে মঙ্গলবার অবরোধের মধ্যেই চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাসভবনে যান কাদের মোল্লার আইনজীবী আবদুর রাজ্জাক, তাজুল ইসলামসহ অন্য আইনজীবীরা। পরে চেম্বার বিচারপতির আদেশ নিয়ে নিজেরাই ছুটে যান কারাগারে। গতকাল অবরোধ-হরতালের মধ্যেও তাঁরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানিতে অংশ নেন। বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জামায়াতের নেতাদের আইনজীবীরা যে সময়ক্ষেপণের জন্য হরতাল-অবরোধের মধ্যে আদালতে যান না, মঙ্গল ও বুধবার বিষয়টি স্পষ্ট হলো।

ইউসুফের বিরুদ্ধে মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী তৈয়ব আলী খাঁকে জেরার ধার্য দিনে আসামিপক্ষের অপর আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে বলেন, মিজানুর রহমান ‘অনিবার্য কারণে’ আসেননি। তিনি মামলার কার্যক্রম মুলতবির আবেদন জানান।

ট্রাইব্যুনাল আদেশে বলেন, ট্রাইব্যুনাল-২-এ সৈয়দ মিজানুর রহমান আর মামলা পরিচালনা করতে পারবেন না। এখানে তাঁর ওকালতনামা বাতিল করা হলো। ইউসুফকে রোববারের মধ্যে নতুন আইনজীবী নিয়োগের জন্য সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে তিনি নিয়োগ না দিলে ট্রাইব্যুনাল রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেবেন। ট্রাইব্যুনাল বলেন, একজনের জন্য মামলা ঝুলে থাকতে পারে না। এভাবে আসামিপক্ষ মক্কেলের প্রতি অবিচার করছেন।

গতকাল পর্যন্ত গত কয়েক দিনে রাষ্ট্রপক্ষের ১২ থেকে ১৭তম সাক্ষীকে জেরার দিন ধার্য ছিল। কিন্তু সৈয়দ মিজানুর না আসায় ওই ছয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন ট্রাইব্যুনাল।