ইউসুফের জামিন আবেদন বিষয়ে আগামীকাল আদেশ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের জামিন আবেদনের শুনানি আজ সোমবার শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশের তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই তারিখ ধার্য করেন।
আজ সকালে জামায়াত নেতা ইউসুফকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক ও তাজুল ইসলাম। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হূষিকেশ সাহা। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামীকাল এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন।
একাত্তরের মুক্তিযুদ্ধকালে ‘রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা’ হিসেবে পরিচিত এ কে এম ইউসুফকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান।
এর আগে দুপুরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। দুপুর ১২টার দিকে পরোয়ানা জারির পরপরই র্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর আনোয়ারুল হকের নেতৃত্বে র্যাবের একটি দল ইউসুফের ধানমন্ডির বাসভবন ঘিরে ফেলে। বেলা পৌনে একটার দিকে তাঁকে গ্রেপ্তার করে প্রথমে নিয়ে যাওয়া হয় আগারগাঁওয়ে র্যাব-২-এর কার্যালয়ে। পরে তাঁকে ধানমন্ডি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকেল চারটার পর ইউসুফকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবী সাইফুর রহমান তাঁর পক্ষে জামিনের আবেদন দাখিল করেন। ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠিয়ে আজ জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, ইউসুফের বিরুদ্ধে আনা ১৫টি অভিযোগের মধ্যে গণহত্যার অভিযোগ সাতটি। এগুলো হলো: একাত্তরের ১৩ মে কচুয়া থানার রণজিতপুর গ্রামে গণহত্যা, ১৯ মে মোরেলগঞ্জ বাজারে গণহত্যা, ২১ মে রামপালের ডাকরা গ্রামে গণহত্যা, ১৪ অক্টোবর রামপালের চুলকাঠি গ্রামে গণহত্যা, ১৫ অক্টোবর কচুয়ার মঘিয়া গ্রামে গণহত্যা, জুলাই ও নভেম্বরে কচুয়ার শাঁখারীকাঠিতে গণহত্যা। পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য ইউসুফ একাত্তরে মালেক মন্ত্রিসভার রাজস্ব, পূর্ত, বিদ্যুত্ ও সেচমন্ত্রী ছিলেন। ৮ মে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।