ইউসুফের জামিন হবে কি না সিদ্ধান্ত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের জামিনের আবেদনের বিষয়ে আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের এ ট্রাইব্যুনাল গতকাল ইউসুফের জামিনের আবেদনের শুনানি শেষ করেন।

গতকাল ইউসুফকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর পক্ষে জামিনের শুনানি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ও তাজুল ইসলাম। জামিনের যুক্তি তুলে ধরে তাঁরা শুনানিতে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনী এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাঁকে পরোয়ানা দেখানো হয়নি, এমনকি তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা-ও জানানো হয়নি বা আনুষ্ঠানিক অভিযোগের অনুলিপি দেখাতে পারেনি। এক বছর ধরে তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন। তাঁর বয়স ৮৭ বছর, তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত।

জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হূষিকেশ সাহা বলেন, এ কে এম ইউসুফ জামায়াতের একজন সক্রিয় নেতা। তিনি বয়সের জন্য রাজনীতি থেকে অবসর নেননি। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তিনি রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা, রাজাকার শিরোমণি। কৌঁসুলি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এ জামিন দেওয়ার কোনো বিধান নেই।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ইউসুফকে গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেন।

পরে পাল্টা যুক্তি দিয়ে তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালস আইনে জামিন দেওয়ার বিধান নেই—এ কথা সত্য নয়। এই ট্রাইব্যুনাল থেকে দু-তিনজন এর আগে জামিন পেয়েছেন।

শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত রোববার এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‌্যাব-২-এর একটি দল এ কে এম ইউসুফকে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যার সাতটি অভিযোগসহ মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।