ইউসুফের জামিনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৬ জুন থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আনুষ্ঠানিক অভিযোগে এ কে এম ইউসুফের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃতি বিবেচনা করে এবং অপরাধে সম্পৃক্ততার সরাসরি সাক্ষ্য-প্রমাণ থাকায় এই ট্রাইব্যুনাল তাঁকে জামিন দিতে ইচ্ছুক নন। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে যেন তাঁর চিকিৎসার যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো। ৬ জুন তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।গত রোববার এই ট্রাইব্যুনাল ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে। পরদিন তাঁর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ও তাজুল ইসলাম। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ও হূষিকেশ সাহা।জামিন আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য থাকায় গতকাল ইউসুফকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।৮ মে রাষ্ট্রপক্ষ ইউসুফের বিরুদ্ধে গণহত্যার সাতটি অভিযোগসহ ১৫টি অভিযোগ দাখিল করে। রাষ্ট্রপক্ষ জানায়, মুক্তিযুদ্ধকালে তিনি সর্বপ্রথম জামায়াতের ৯৬ জন সদস্য ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে খুলনায় রাজাকার বাহিনী গঠন করেন।