ইউসুফের নির্দেশে ছয়জনকে হত্যা করে রাজাকাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী আবদুর রউফ মল্লিক (৬০)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তিনটি ঘটনায় ইউসুফের নির্দেশে রাজাকাররা পাঁচ মুক্তিযোদ্ধাসহ ছয়জনকে নির্যাতনের পর হত্যা করে। তিনি এসব ঘটনার প্রত্যক্ষদর্শী।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুর রউফ মল্লিকের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন। আবদুর রউফ জবানবন্দি দেওয়ার আগে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী এম এ খালেককে আসামিপক্ষ জেরা শেষ করে।
জবানবন্দিতে আবদুর রউফ মল্লিক বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামে। একাত্তরে তিনি প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। সুন্দরবন এলাকায় তেঁতুলবুনিয়াতে একটি ক্যাম্প করেন। একাত্তরের ৭ জুন সকালে রায়েন্দা বাজারে ইউসুফের নির্দেশে রাজাকাররা তিনজন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আনোয়ার, ইসমাইল হোসেন খান ও আসমত আলী মুন্সীকে নির্যাতনের পর হত্যা করে। ঘটনাটি তিনি ওই এলাকার গার্লস স্কুলের পাশের বাগানে লুকিয়ে থেকে দেখেন।
জবানবন্দিতে এই সাক্ষী বলেন, একাত্তরের ৯ জুন শরণখোলার তাফালবাড়ী বাজারে রাজাকাররা মুক্তিযোদ্ধা জয়নাল ফকির ও বাশারত খানকে আটকের পর নির্যাতন করে। পরে ইউসুফের নির্দেশে তাঁদের রাজেশ্বর নামক স্থানে গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়। তিন দিন পর লাশ ভেসে উঠলে আত্মীয়রা লাশ তুলে এনে দাফন করেন। ঘটনাটি তিনি তাফালবাড়ী হাইস্কুল থেকে দেখেন। ২৯ জুলাই রাজাকাররা মুক্তিযুদ্ধের পক্ষের সালাম খানকে ধরে ইউসুফের সামনে নিয়ে যায়। পরে ইউসুফের নির্দেশে সালামকে গুলি করে লাশ বলেশ্বর নদে ফেলে দেওয়া হয়। পাশের একটি বাড়ি থেকে তিনি ও অন্য মুক্তিযোদ্ধারা লুকিয়ে ঘটনাটি দেখেন।
জবানবন্দির শেষ পর্যায়ে আবদুর রউফ আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন। রউফকে আসামিপক্ষের জেরার জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
শুনানি ২৪ ডিসেম্বর: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। গতকাল খন্দকার মাহবুবের পক্ষে তাঁর আইনজীবী তাজুল ইসলাম কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব জমা দেন। পরে ট্রাইব্যুনাল শুনানির দিন ধার্য করেন।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুবের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম হাতে নেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৬ অক্টোবর নোটিশ দেন এই ট্রাইব্যুনাল।