
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সিকদার (৭৬)।
জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে ইউসুফের নির্দেশে তাঁর তিন সহযোদ্ধা ক্যাপ্টেন আনোয়ার, আজমত আলী মুন্সী ও ইসমাইলকে রাজাকাররা হত্যা করে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ইউসুফ আলী সিকদারের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় এ কে এম ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে ইউসুফ আলী সিকদার বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তিনি তাঁদের এলাকায় গঠিত মুক্তিবাহিনী আলফা গ্রুপের কমান্ডার ছিলেন। তিনি বলেন, একাত্তরে ইউসুফ খুলনায় রাজাকার বাহিনী গঠিন করেন। ২৬ মার্চের পরে রাজাকাররা শরণখোলায় এসে ক্যাম্প করে। এ খবর শুনে ৬ জুন তাঁরা (মুক্তিযোদ্ধারা) ওই এলাকায় ঢুকলে তাঁদের সঙ্গে রাজাকারদের গুলিবিনিময় হয়। ওই দিন রাতেই ওই এলাকায় লঞ্চে করে ইউসুফ ও রাজাকাররা এলে গোলাগুলি হয়। রাজাকারদের সঙ্গে না পেরে তাঁরা পিছু হটেন। এ সময় আত্মগোপন অবস্থায় জানতে পারেন যে তাঁদের সহযোদ্ধা ক্যাপ্টেন আনোয়ার, আজমত আলী মুন্সী ও ইসমাইল ওই এলাকার গার্লস স্কুল আটকা পড়েছেন। একপর্যায়ে ওই তিনজনকে রাজাকাররা আটক করে ইউসুফের সামনে নিয়ে আসে। ইউসুফ তাঁদের গুলি করে হত্যার নির্দেশ দিলে রাজাকাররা তাঁদের হত্যা করে। পরে রাজাকাররা চলে গেলে তিনি অন্যদের নিয়ে সহযোদ্ধাদের লাশ দাফন করেন।
রাষ্ট্রপক্ষের এ সাক্ষী বলেন, তিনি শুনেছেন, একাত্তরে ৯ জুন বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ি বাজারে ইউসুফের নেতৃত্বে ২০-২৫ জনের সশস্ত্র রাজাকার দল মুক্তিযোদ্ধা জয়নাল ফকির ও বাশারত খানকে আটক করে। পরে তাদের নির্যাতনের পর ইউসুফের নির্দেশে রাজেশ্বর নামক স্থানে নিয়ে গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
জবানবন্দিতে ইউসুফ আলী সিকদার আরও বলেন, একাত্তরের ১৯ জুলাই রাজাকারদের নিয়ে ইউসুফ রায়েন্দা বাজারে বৈঠক করছিলেন। ওই সময় রাজাকাররা মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি আবদুস সালামকে ধরে ইউসুফের সামনে নিয়ে আসে। পরে ইউসুফের নির্দেশে সালামকে গুলি করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
জবানবন্দির শেষ পর্যায়ে ইউসুফ আলী সিকদার আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন। পরে এ মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।