ইউসুফের নির্দেশে বাবাকে হত্যা করে রাজাকাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী এ কে এম সামসুল আলম ওরফে জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, তাঁর বাবা শহীদ চিকিৎসক আবদুল মজিদ মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের সহায়তা করায় তাঁকে ইউসুফের নির্দেশে রাজাকাররা গুলি করে হত্যা করে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সামসুল আলমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে সামসুল আলম বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ বাজারে। মুক্তিযুদ্ধকালে তাঁর বয়স ছিল ১৬ বছর। একাত্তরে ইউসুফ খুলনার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন এবং রাজাকার বাহিনী গঠন করেছিলেন। তাঁর বাবা আবদুল মজিদ ছিলেন স্বাধীনতার সংগঠকদের একজন। একদিন ইউসুফ তাঁর বাবাকে বাড়ি থেকে ডেকে মোড়েলগঞ্জ বাজারে নিয়ে শান্তি কমিটি ও রাজাকারদের সহায়তা করার জন্য চাপ দেন। কিন্তু এর পরও তাঁর বাবা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোক, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন। এ ছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংবাদ সরবরাহ ও পরামর্শ দিতেন। এ খবর ইউসুফ শোনেন এবং তাঁর কথামতো কাজ না করায় তিনি বাবাকে হত্যার নির্দেশ দেন। একাত্তরের ২৬ জুলাই ইউসুফের নির্দেশে কয়েকজন রাজাকার তাঁর বাবাকে ধরে নিয়ে যায়। এ সময় তিনি পেছন থেকে দেখেন, রাজাকাররা তাঁর বাবাকে মোড়েলগঞ্জ লঞ্চঘাটের কাছে পানগুচি নদীতে নামিয়ে গুলি করে হত্যা করে।
সামসুল আলম বলেন, একাত্তরের ১২ মে ইউসুফের নির্দেশে রাজাকাররা মুক্তিযোদ্ধা আবু বকরকে গুলি করে হত্যা করে। ১৭ মে ইউসুফের নির্দেশে রাজাকাররা মোড়েলগঞ্জ বাজারে ৪০০-৫০০ দোকান লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ দুটি ঘটনার তিনি প্রত্যক্ষ্যদর্শী। তিনি বলেন, ১৯ মে মোড়েলগঞ্জ বাজারে রাজাকাররা তাঁকে আটক ও নির্যাতন করে।
সাক্ষী জবানবন্দির শেষ পর্যায়ে ইউসুফকে শনাক্ত করেন। পরে এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।