ইউসুফের নির্দেশে ভাইকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী আবদুল জলিল। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে ইউসুফের নির্দেশে তাঁর ভাই আবু বকরকে রাজাকাররা হত্যা করে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল বৃহস্পতিবার আবদুল জলিলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম। এ সময় ইউসুফ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
জবানবন্দিতে আবদুল জলিল (৫৮) বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জের কাঁঠালতলা গ্রামে। একাত্তরে ইউসুফ খুলনায় রাজাকার বাহিনী গঠন করেন। তাঁর ভাই আবু বকর মুক্তিযোদ্ধা ছিলেন। একাত্তরের ১৩ মে তিনি বাড়িতে থাকা অবস্থায় শোনেন, আবু বকরকে রাজাকাররা ক্যাম্পে নিয়ে নির্যাতন করে হত্যা করেছে। তিনি ভগ্নিপতি হামেজ উদ্দিনকে নিয়ে রাজাকার ক্যাম্পে গিয়ে দেখেন, তাঁর ভাইয়ের লাশের পাশে ইউসুফ দাঁড়িয়ে আছেন। তাঁরা ইউসুফের অনুমতি নিয়ে ভাইয়ের লাশ দাফনের জন্য নিয়ে যান। লাশ নিয়ে ফেরার সময় তিনি লোকজনের কাছে শোনেন, ক্যাম্পে ইউসুফের নির্দেশে রাজাকাররা তাঁর ভাইকে গুলি করে হত্যা করে।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, একাত্তরের ১৭ মে মোরেলগঞ্জ বাজারে ইউসুফের নির্দেশে রাজাকাররা স্বাধীনতাকামী ও হিন্দুধর্মাবলম্বীদের ৪০০ দোকান এবং ২০-২২টি বাড়িঘর লুটের পর আগুন ধরিয়ে দেয়। ১৯ মে পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে ইউসুফ মোরেলগঞ্জ বাজারে গিয়ে ২০-২৫ জনের একটি রাজাকার দলকে সঙ্গে নিয়ে অভিযান চালান। ওই সময় ছয়জন হিন্দুকে আটক ও নির্যাতনের পর গুলি চালানো হয়। চারজন মারা যান, দুজন বেঁচে যান। ২৯ জুলাই ইউসুফের নির্দেশে রাজাকাররা মোরেলগঞ্জ বাজারের চিকিৎসক আবদুল মজিদকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় মজিদকে হত্যা করা হয়। অনেকের সঙ্গে তিনিও এ ঘটনা দেখেছেন।
জবানবন্দি শেষে আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন আবদুল জলিল। রোববার তাঁকে জেরা করবে আসামিপক্ষ।
কায়সারের অভিযোগ আমলে: সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-২। অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
গত রোববার রাষ্ট্রপক্ষ কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য রোববার দিন ধার্য করেছেন।