জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী আবদুল জলিল ওরফে টুনু (৫৮)।
জবানবন্দিতে আবদুল জলিল বলেন, একাত্তরে ইউসুফের নির্দেশে তাঁর ভাই আবু বকরকে রাজাকাররা হত্যা করে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল জলিলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
আবদুল জলিলের জবানবন্দির আগে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী ইউসুফ আলী সিকদারকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।
জবানবন্দিতে আবদুল জলিল বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জের কাঁঠালতলা গ্রামে। একাত্তরে ইউসুফ খুলনায় রাজাকার বাহিনী গঠন করেন। তাঁর ভাই আবু বকর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিভিন্ন স্থানে যুদ্ধ করনে। একাত্তরের ১৩ মে তিনি বাড়িতে থাকা অবস্থায় শুনতে পারেন তাঁর ভাইকে রাজাকাররা ক্যাম্পে নিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে। তিনি তাঁর ভগ্নিপতি হামেজ উদ্দিনকে নিয়ে রাজাকার ক্যাম্পে গিয়ে দেখেন, ইউসুফ দাঁড়িয়ে আছে আর তাঁর ভাইয়ের লাশ মাটিতে পড়ে আছে। ভাইয়ের লাশ দাফনের জন্য ইউসুফের অনুমতি চাইলে ইউসুফ অনুমতি দেন। ভাইয়ের লাশ নেওয়ার পর বাড়িতে যাওয়ার সময় ক্যাম্পের সামনে থাকা লোকজনের কাছে তিনি শোনেন, ক্যাম্পে ইউসুফের নির্দেশে রাজাকাররা তাঁর ভাইকে গুলি করে হত্যা করে।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরের ১৭ মে মোরেলগঞ্জ বাজারে ইউসুফের নির্দেশে রাজাকাররা স্বাধীনতাকামী ও হিন্দু ধর্মাবলম্বীদের ৪০০ দোকান এবং ২০-২২টি বাড়িতে লুট করে আগুন ধরিয়ে দেয়।
একাত্তরের ১৯ মে পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে ইউসুফ মোরেলগঞ্জ বাজারে গিয়ে ২০-২৫ জনের একটি রাজাকারের দলকে সঙ্গে নিয়ে মিলিত অভিযান চালান। ওই সময় ছয়জন হিন্দুকে আটক ও নির্যাতনের পর এক এক করে গুলি করা হয়। চারজন মারা যান, দুজন বেঁচে ভারতে পালিয়ে যান।
আবদুল জালিল জবানবন্দিতে আরও বলেন, একাত্তরের ২৯ জুলাই ইউসুফের নির্দেশে রাজাকাররা মোরেলগঞ্জ বাজারের চিকিত্সক আবদুল মজিদকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় মজিদকে হত্যা করা হয়। অনেক মানুষের সঙ্গে তিনিও এ ঘটনাটি দেখেছেন।
জবানবন্দি শেষে জলিল আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে চিহ্নিত করেন। পরে এ মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।