ইউসুফের নির্দেশে রাজাকাররা সালামকে গুলি করে হত্যা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী আবদুল লতিফ হাওলাদার (৭২)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ২৯ জুলাই ইউসুফের নির্দেশে রাজাকাররা সালামকে গুলি করে হত্যা করে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল লতিফ হাওলাদারের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।

জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী আবদুল লতিফ হাওলাদার বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের রায়েন্দার তাফালবাড়ি বাজারে। একাত্তরের ২৯ জুলাই রাজাকারদের নিয়ে ইউসুফ রায়েন্দা বাজারে বৈঠক করছিলেন। ওই সময় রাজাকাররা মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি আবদুস সালামকে ধরে ইউসুফের সামনে নিয়ে আসে। পরে ইউসুফের নির্দেশে সালামকে গুলি করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। এই দৃশ্য তিনি সামনাসামনি দেখেছেন। জবানবন্দি শেষে আবদুল লতিফ হাওলাদারকে জেরার জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।