ইউসুফের নির্দেশে ২১ জনকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী তৈয়ব আলী খাঁ ওরফে ছেতু (৮৫)। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে ৩০ আশ্বিন ইউসুফের নির্দেশে রাজাকাররা বাগেরহাটের মঘিয়া ধাপবাড়ী মোড়ে ২২ জনকে গুলি করলে তাঁদের মধ্যে ২১ জন মারা যান।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তৈয়ব আলীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে তৈয়ব আলী বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার শিয়ালকাঠিতে। একাত্তরে ইউসুফ খুলনা জেলা শান্তি কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। একপর্যায়ে তিনি রাজাকার বাহিনী গঠন করেন। ইউসুফ কচুয়ায় সভা করতে এসে আওয়ামী লীগের সমর্থক ও হিন্দুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশের পর আওয়ামী লীগের সমর্থক ও হিন্দুদের বাড়িতে লুটতরাজ শুরু হয়। কিছুদিন পর ৩০ আশ্বিন তিনি তাঁর চাচা আনোয়ার খাঁর সঙ্গে ভাষা গ্রামের হাটে যান। সেদিন বিকেলে ৪০-৫০ জন রাজাকার হাটটি ঘিরে ফেলে লোকজনকে ধরে। একপর্যায়ে তাঁর চাচাকেও ধরা হয়। তিনি হাটের পাশের আখখেতে লুকিয়ে ছিলেন। রাজাকাররা মোট ২২ জনকে ধরে, তাঁদের মধ্যে ১৮ জন ছিলেন হিন্দু। ইউসুফের নির্দেশে রাজাকাররা ওই ২২ জনকে প্রথমে হাটের পূর্ব দিকে জড়ো করে এবং পরে তাঁদের মঘিয়া ধোপবাড়ী মোড়ে নিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে একজন বাদে ২১ জনই মারা যান। যিনি বুকে গুলি লাগার পরও বেঁচে ছিলেন, তাঁর নাম সুনীল।
তৈয়ব আলীর জবানবন্দি শেষে তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান গতকাল ট্রাইব্যুনালে না আসায় এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী লুৎফর রহমানের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন ট্রাইব্যুনাল। গত সোমবার জবানবন্দি দেওয়া লুৎফর রহমানকে গতকাল জেরার দিন ধার্য ছিল। ট্রাইব্যুনাল লুৎফরের সাক্ষ্য গ্রহণ বন্ধের আদেশ দেওয়ার পর জবানবন্দি শুরু করেন তৈয়ব আলী।
এর আগে একই কারণে রাষ্ট্রপক্ষের ১২, ১৩, ১৪ ও ১৫তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণও বন্ধ করে দেন ট্রাইব্যুনাল।