ইউসুফের নির্দেশে ৬ জনকে হত্যা করে রাজাকাররা
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে আজ বুধবার জবানবন্দি দিয়েছেন আবদুর রউফ মল্লিক (৬০)।
জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের এই নবম সাক্ষী বলেন, একাত্তরের তিনটি পৃথক ঘটনায় ইউসুফের নির্দেশে পাঁচ মুক্তিযোদ্ধাসহ ছয়জনকে রাজাকাররা নির্যাতনের পর হত্যা করে। তিনি তিনটি ঘটনার প্রত্যক্ষদর্শী।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুর রউফ মল্লিকের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
আবদুর রউফের জবানবন্দির আগে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী এম এ খালেককে আসামিপক্ষ জেরা শেষ করে।
জবানবন্দিতে আবদুর রউফ মল্লিক বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামে। একাত্তরে তিনি প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে সুন্দরবন এলাকায় গিয়ে তেঁতুলবুনিয়াতে একটি ক্যাম্প গঠন করেন।
একাত্তরের ৭ জুন সকালে রায়েন্দা বাজারে ইউসুফের নির্দেশে রাজাকাররা তিনজন মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন আনোয়ার, ইসমাইল হোসেন খান ও আসমত আলী মুন্সিকে নির্যাতনের পরে হত্যা করে। তিনি ওই এলাকার গার্লস স্কুলের পাশের বাগানে লুকিয়ে থেকে এ ঘটনা দেখেন।
জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী বলেন, একাত্তরে ৯ জুন বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ি বাজারে রাজাকাররা মুক্তিযোদ্ধা জয়নাল ফকির ও বাশারত খানকে আটকের পরে নির্যাতন করে। ইউসুফের নির্দেশে তাঁদের রাজেশ্বর নামক স্থানে গুলি করে হত্যার পরে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। তিনি তাফালবাড়ি হাইস্কুলের ভেতরে থেকে এ ঘটনা দেখেছেন। তিন দিন পর লাশ ভেসে উঠলে আত্মীয়রা লাশ দাফন করেন বলেও তিনি জানান।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, একাত্তরের ২৯ জুলাই রাজাকাররা মুক্তিযুদ্ধের পক্ষের সালাম খানকে ধরে ইউসুফের সামনে নিয়ে আসে। পরে ইউসুফের নির্দেশে সালামকে গুলি করে লাশ বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়। পাশেই একটি বাড়ি থেকে তিনি ও অন্য মুক্তিযোদ্ধারা লুকিয়ে ঘটনা দেখেন।
জবানবন্দির শেষ পর্যায়ে আবদুর রউফ আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন। পরে তাঁকে আসামিপক্ষের জেরার জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।