জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী বাবলু কুমার মিস্ত্রি (৫০)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে ইউসুফ একটি গণহত্যার নেতৃত্বে ছিলেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে বাবুল কুমার বলেন, একাত্তরের ১৯ মে ডাকরায় একটি গণহত্যা হয়। সেখানে তাঁর মামা কার্তিক হালদারসহ পাঁচ থেকে সাত হাজার লোক সমবেত হয়। রাজাকাররা চারদিক থেকে ঘেরাও করে এলোপাতাড়ি গুলি করে ৪০০ থেকে ৫০০ লোককে হত্যা করে। তিনি তাঁর বাবার কাছে শুনেছেন, ইউসুফের নেতৃত্বে এই গণহত্যা সংঘটিত হয়। জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আইনজীবী না আসায় আবারও সাক্ষ্য গ্রহণ বন্ধ: এদিকে একই ট্রাইব্যুনালে আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী সুধাংশু মণ্ডলের সাক্ষ্যগ্রহণ শেষ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম তাঁকে জেরার জন্য সময় আবেদন করলে ট্রাইব্যুনাল ওই আবেদন খারিজ করে দিয়ে সাক্ষ্যগ্রহণ বন্ধ করে দেন। আসামিপক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় গত মঙ্গলবারও এই ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শেখ আবজাল হোসেনের সাক্ষ্যগ্রহণ বন্ধ করে দেন। সেদিন এই সাক্ষীকে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল।