ইউসুফের নেতৃত্বে ডাকরায় গণহত্যা সংঘটিত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী বাবলু কুমার মিস্ত্রি (৫০)। জবানবন্দিতে তিনি বলেন, তিনি তাঁর বাবার কাছে শুনেছেন একাত্তরে বাগেরহাটের রামপালে একটি গণহত্যায় নেতৃত্ব দেন ইউসুফ।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন। এর আগে আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী না আসায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন ট্রাইব্যুনাল।
জবানবন্দিতে বাবলু কুমার বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়। একাত্তরের ১৯ এপ্রিল রাজাকাররা তাঁদের বাড়ির ছয়টি টিনের ঘর ও আসবাবপত্র, চারটি লোহার সিন্দুক ভেঙে টাকা-পয়সা, সোনাদানা লুট করে নিয়ে যায়। ১৯ মে ডাকরায় একটি গণহত্যা হয়। সেখানে তাঁর মামা কার্তিক হালদারসহ পাঁচ থেকে সাত হাজার লোক সমাবেত হয়। রাজাকাররা চারদিক থেকে ঘেরাও করে এলোপাতাড়ি গুলি করে ৪০০-৫০০ লোককে হত্যা করে। তিনি তাঁর বাবার কাছে শুনেছেন, এ কে এম ইউসুফের নেতৃত্বে এই গণহত্যা সংঘটিত হয়।
জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে আসামিপক্ষের জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আইনজীবী না আসায় ১৩তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ: এদিকে আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান অনুপস্থিত থাকায় এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী সুধাংশু মণ্ডলের সাক্ষ্য গ্রহণ গতকাল বন্ধ করে দেন ট্রাইব্যুনাল। গতকাল তাঁকে জেরার দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম সাক্ষীকে জেরার জন্য সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল তা খারিজ করে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন।
সৈয়দ মিজানুর রহমান জেরার ধার্য দিনে উপস্থিত না থাকায় গত মঙ্গলবার ট্রাইব্যুনাল এই মামলায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শেখ আবজাল হোসেনের সাক্ষ্য গ্রহণ বন্ধ করেন।