মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষে তিনজন সাক্ষ্য দিতে পারবেন। ৪ ফেব্রুয়ারি আসামি-পক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হবে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ও সাক্ষীর সংখ্যা নির্ধারণ করে এই আদেশ দেন। ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি—এই তিন দিনের মধ্যে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের ২৭তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। পরে আসামিপক্ষের সাক্ষীদের সংখ্যা ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
পরে ট্রাইব্যুনাল ইউসুফের কাছে জানতে চান, একাত্তরে মালেক মন্ত্রিসভায় কতজন সদস্য ছিলেন? ইউসুফ বলেন, তাঁর মনে নেই। ট্রাইব্যুনাল বলেন, মামলার জন্য নয়, জানার জন্য এই প্রশ্ন করা হয়েছে। কারণ, মালেক মন্ত্রিসভার তিনি একমাত্র জীবিত সদস্য।