ইউসুফের বিরুদ্ধে আরও দুই সাক্ষীর জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আরও দুই সাক্ষীকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। এই দুই সাক্ষী হলেন ১৩তম সাক্ষী সুধাংশু মণ্ডল ও ১৪তম সাক্ষী বাবলু কুমার মিস্ত্রি।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের এই দুই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় ইউসুফ আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাক্ষীদের আসামিপক্ষের জেরা শেষে রাষ্ট্রপক্ষের ১৫ থেকে ১৮তম সাক্ষীকে জেরার জন্য ২৯ ও ৩০ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

সুধাংশু মণ্ডল ও বাবলু কুমার যথাক্রমে ১ ও ২ ডিসেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। কিন্তু অবরোধের কারণে ওই সময় আসামিপক্ষের আইনজীবী না আসায় ওই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন ট্রাইব্যুনাল। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সাক্ষীদের আবার জেরার অনুমতি দেন ট্রাইব্যুনাল। তবে এ জন্য আসামিপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা দিতে হয়।