
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনের সাক্ষ্য গ্রহণ গতকাল সোমবার শুরু হয়েছে। তিনি এ মামলায় রাষ্ট্রপক্ষের ২৭তম ও শেষ সাক্ষী। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, তদন্তকালে বাংলা একাডেমি ও পিআইবি (প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ) থেকে তিনি ১৯৭১ সাল ও পরবর্তী সময়ের বিভিন্ন পত্রিকা পর্যালোচনা করেছেন এবং মামলা-সংক্রান্ত নথিপত্র জব্দ করেছেন।
জবানবন্দি শেষে হেলালউদ্দিনকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।
হেলালউদ্দিন এর আগে ট্রাইব্যুনাল-১-এ বিচার হওয়া জামায়াতের আরেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ইউসুফের বিরুদ্ধে মামলাটিও তিনি তদন্ত করেছেন।