
একাত্তরে রাজা-কার বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলা শেষ পর্যায়ে পৌঁছেছে। ১২ ফেব্রুয়ারি থেকে এই মামলায় যুক্তি উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার ইউসুফের পক্ষে একমাত্র সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তাঁর ছেলে এ কে এম মাহবুবুর রহমান। পরে তাঁকে জেরা শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী।
ইউসুফের পক্ষে সাক্ষীদের সংখ্যা ট্রাইব্যুনাল তিনজনে নির্ধারণ করে দিলেও আসামিপক্ষ জানায়, তারা আর কোনো সাক্ষীকে হাজির করবে না। এরপর ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন। দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করেন।
এর আগে ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে একটি মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হওয়ার পর রায় কার্যকর হয়েছে। এ ছাড়া এই ট্রাইব্যুনালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মামলা দুটি বিচারাধীন।
গত ১ আগস্ট ইউসুফের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৩টি অভিযোগ গঠন করা হয়। কারাগারে আটক ইউসুফকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়।