ইউসুফের বিরুদ্ধে মামলা স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ-সংক্রান্ত আদেশ দেন।গতকাল এ কে এম ইউসুফের বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের আবেদনের ওপর শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। তিনি বলেন, ট্রাইব্যুনাল-১-এ কয়েকটি মামলা চলছে। সে তুলনায় ট্রাইব্যুনাল-২-এ মামলার সংখ্যা কম। তাই মামলাটি নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হোক। এ আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সব নথিসহ ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের নির্দেশ দেন।