ইউসুফের বিরুদ্ধে মামলা ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি আগামী ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এ সময় ইউসুফ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
এ মামলায় আজ রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানকে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে জানান, সাক্ষী শারীরিকভাবে অসুস্থ। পরে ট্রাইব্যুনাল এ মামলার কার্যক্রম ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি করেন। ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য শেষে লিয়াকত আলী খান ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।
জহির উদ্দিনের আদালত অবমাননার বিষয়ে আদেশ ১০ অক্টোবর
একই ট্রাইব্যুনাল আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের আদেশের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছেন।
আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবীরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ট্রাইব্যুনাল গত ২৮ মে জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।