ইউসুফের বিরুদ্ধে মামলা ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা আগামী ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। ইউসুফ গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এ মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানকে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে জানান, সাক্ষী শারীরিকভাবে অসুস্থ। পরে ট্রাইব্যুনাল এ মামলার কার্যক্রম মুলতবি করেন।
জহিরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদেশ ১০ অক্টোবর: গতকাল একই ট্রাইব্যুনাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের আদেশের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন।