ইউসুফের বিরুদ্ধে মামলার কার্যক্রম কাল পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী ইউসুফ আলী সিকদারকে জেরা করা হবে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার মামলার কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের সহযোগী আইনজীবী গাজী তামিম মুলতবির আরজি জানান। তিনি বলেন, মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ‘অনিবার্য কারণে’ ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, আসামির ছেলে ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আসতে পেরেছেন, কিন্তু তিনি (মিজানুর রহমান) আসতে পারেননি? তিনি আসতে চাইলে আসতে পারতেন। যারা হরতাল ডেকেছে তাদের আদেশ আসামিপক্ষ পালন করছে, কিন্তু ট্রাইব্যুনালের আদেশ পালন করছে না।
পরে এই মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষকে ‘শেষ সুযোগ’ দেওয়া হলো।
গত রোববার থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকে টানা ৮৪ ঘণ্টা হরতাল চলছে। এই জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। ১৮ দল হরতাল ডাকলে দুই ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াত নেতাদের মামলা পরিচালনাকারী জ্যেষ্ঠ আইনজীবীরা অনুপস্থিত থাকেন। আসামিপক্ষের দু-একজন সহযোগী আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে মামলার কার্যক্রম মুলতবির আরজি জানান।
নিজামী ও মোবারকের বিরুদ্ধে মামলার কার্যক্রম মুলতবি: জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দুটি আজ বুধবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল-১। গতকালও এই দুই মামলা পরিচালনাকারী আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। সহযোগী আইনজীবীরা মুলতবির আরজি জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।