জামায়াতে ইসলামীর সদ্যপ্রয়াত নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল বুধবার এ-সংক্রান্ত আদেশে ট্রাইব্যুনাল বলেন, আকস্মিক মৃত্যুতে শুধু ইউসুফ নিজে নন, যাঁরা অপরাধের শিকার হয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষীর কাঠগড়ায় এসে চরম যন্ত্রণা ও আতঙ্কের বিবরণ দিয়েছেন, তাঁরাও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল এ আদেশ দেন। ট্রাইব্যুনাল দ্রুত ইউসুফের ময়নাতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
ইউসুফের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য নির্ধারিত দিন ছিল গতকাল। কিন্তু কাশিমপুর কারাগারে আটক ইউসুফ ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইউসুফের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ট্রাইব্যুনাল আদেশে বলেন, মামলাটি দুই পক্ষের যুক্তি উপস্থাপন পর্যায়ে চলে এসেছিল। কিন্তু আসামির মৃত্যুর ফলে মামলার অবশিষ্ট কার্যক্রম অনাবশ্যক হয়ে পড়েছে। মামলার একাধিক আসামি থাকলে কার্যক্রম শেষ পর্যন্ত চালানো যেত এবং একটি পূর্ণাঙ্গ রায় ঘোষণা সম্ভব হতো। কিন্তু ইউসুফ একমাত্র আসামি হওয়ায় তা আর সম্ভব নয়। তবে কার্যক্রম বন্ধ করা মানে এই নয় যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইউসুফ খালাস পেলেন।
ট্রাইব্যুনাল বলেন, বিচার চলাকালে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের শিকার অনেক ব্যক্তি, তাঁদের নিকটাত্মীয় বা প্রত্যক্ষদর্শী ন্যায়বিচারের আশায় রাজাকারদের বর্বর নির্যাতন ও অত্যাচারের বিবরণ দিয়েছেন। তাঁরা বলেছেন, অভিযুক্ত ইউসুফের অনুমোদনে, সহযোগিতায় ও উৎসাহে এসব ঘটনা ঘটেছে। রাষ্ট্রপক্ষের অনেক সাক্ষী আবেগ ধরে রাখতে না পেরে কাঠগড়ায় কেঁদেছেন। ইউসুফের বিচার তাঁদের জন্য দেরিতে হলেও একাত্তরের অত্যাচারের যথার্থ ন্যায়বিচার পাওয়ার সুযোগ করে দিয়েছিল।
২০১৩ সালের ১২ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউসুফকে গ্রেপ্তার করে। ওই সময় থেকে তিনি কারাগারে ছিলেন। ১ আগস্ট তাঁর বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৩টি অভিযোগ গঠন করেন। ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে ২৭ জন ও আসামিপক্ষে একজন সাক্ষ্য দেন।