জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শেখ আবজাল হোসেনকে আসামিপক্ষের জেরা গতকাল সোমবার শেষ হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল আবজাল হোসেনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় ইউসুফ আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আবজাল হোসেনকে আসামিপক্ষের জেরা শেষে রাষ্ট্রপক্ষের অন্য সাক্ষীদের জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮তম সাক্ষীকে জেরার ধার্য দিনগুলোতে আসামিপক্ষে মামলা পরিচালনাকারী তৎকালীন আইনজীবী সৈয়দ মিজানুর রহমানের অনুপস্থিতির কারণে ট্রাইব্যুনাল এসব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দিয়েছিলেন এবং সৈয়দ মিজানুরের ওকালতনামা বাতিল করেন। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১৭ ডিসেম্বর এক আদেশে ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে রাষ্ট্রপক্ষের ১২, ১৩, ১৪ ও ১৫তম সাক্ষীকে ২৩ ও ২৪ ডিসেম্বর এবং ১৬, ১৭ ও ১৮তম সাক্ষীকে ২৯ ও ৩০ ডিসেম্বর জেরা করার সুযোগ দেন। ট্রাইব্যুনাল একই সঙ্গে সাক্ষীদের জেরা করতে আইনজীবী মিজানুল ইসলামকে অনুমতি দেন এবং সৈয়দ মিজানুরের ওকালতনামা বাতিলের আদেশ বহাল রাখেন।