ইউসুফের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শুরু
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নেওয়া আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য নেওয়া শুরু হয়। এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন ইউসুফ।
সাক্ষ্য নেওয়ার আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তিনি বলেন, ইউসুফ ১৯৭১ সালে ৯৬ জনকে নিয়ে রাজাকার বাহিনী গঠন করেন এবং তিনি রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা। মুক্তিযুদ্ধকালে খুন, ধর্ষণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে রাজাকার বাহিনীর সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এ বাহিনীর সব অপরাধের দায়দায়িত্ব ইউসুফের ওপর বর্তায়।
সূচনা বক্তব্য শেষে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান (৬৩) জবানবন্দি দেওয়া শুরু করেছেন। তিনি বলেন, বাগেরহাটের বিভিন্ন স্থানে ইউসুফ শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করেন। মুক্তিযোদ্ধা ও হিন্দুদের ধ্বংস করার নেতৃত্ব দেন। জবানবন্দি এখনো চলছে।