ইউসুফের মানবতাবিরোধী মামলা স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোগো
লোগো

মুক্তিযুদ্ধকালে ‘রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা’ হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল-১ অনেক মামলা পরিচালনা করছেন। সে তুলনায় ট্রাইব্যুনাল-২-এ মামলার সংখ্যা কম। তাই সব নথিসহ এ কে এম ইউসুফের মামলা ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করার নির্দেশ দেওয়া হলো। সুষ্ঠু নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম এই আবেদনের বিরোধিতা করে মামলাটি ট্রাইব্যুনাল-১-এ রাখার আরজি জানান।

গত ৮ মে রাষ্ট্রপক্ষ ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়। ইউসুফের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার সাতটিসহ ১৫টি অভিযোগ আনা হয়। ১২ মে এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনের আবেদন জানালে ট্রাইব্যুনাল তা খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।