ইউসুফের মামলা ট্রাইব্যুনাল ২-এ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটির কার্যক্রম আজ বুধবার ট্রাইব্যুনাল-২-এ শুরু হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এক আদেশে বলেন, ট্রাইব্যুনাল-২ এ কে এম ইউসুফের বিরুদ্ধে মামলার সব নথি বুঝে পেয়েছেন। আদেশে আগামীকাল বৃহস্পতিবার আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুলাই ট্রাইব্যুনাল-১ ইউসুফের বিরুদ্ধে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করেন।
গত ৮ মে রাষ্ট্রপক্ষ এ কে এম ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার সাতটিসহ ১৫টি অভিযোগ আনা হয়। তিনি মুক্তিযুদ্ধকালে ‘রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা’ ছিলেন বলে অভিযোগ আছে।
গত ১২ মে ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনের আবেদন জানালে ট্রাইব্যুনাল তা খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।